দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে স্বর্ণের দাম। তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠককে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে ৪ হাজার ১১৮ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ ডলার ২০ সেন্টে নেমে আসে।
ডিএইচএফ ক্যাপিটাল এসএর প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যান বলেন, অপরিশোধিত তেলের দাম আবার বাড়তে শুরু করায় স্বর্ণের দাম আরও কিছুটা চাপে থাকতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ বজায় থাকার পাশাপাশি কঠোর মুদ্রানীতির প্রত্যাশাও জোরালো হচ্ছে।
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, বাজারের প্রত্যাশায় পরিবর্তন এলে স্বর্ণের দাম আবার বাড়তে পারে বলে মনে করছেন টেস্টলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক। তাঁর মতে, আগামী বছর সুদের হার বাড়ানোর যেসব সম্ভাবনা ইতোমধ্যে বাজারে বিবেচনায় নেওয়া হয়েছে, সেগুলোর কিছু বাদ পড়লে বা সম্ভাবনা কমে গেলে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে চাপ তৈরি হয়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদবাহী সম্পদে বিনিয়োগের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়।
এমএম/